অপরাধ তালাশ

গাড়ি চালানোর আড়ালে বুড়িচংয়ের জাকিরের মাদক ব্যবসা;অবশেষে আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক জাকীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাকীর হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ বান্ডিলে মোট ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর চট্টমেট্রো-গ-১৬-৮৪৩৯।

বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার জানান, জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় ইয়াবার বড় চালানসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালককে আটক করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা যাচাই এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ জানিয়েছে, আটক জাকীর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।