কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উৎপাত, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা
কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষজুড়ে উইপোকা থাকায় কক্ষ পরিবর্তনের অনুরোধ জানিয়েও কোনো বিকল্প ব্যবস্থা না পাওয়ায় রাত্রিযাপন না করেই চলে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
জানা গেছে, ১১ দলীয় লংমার্চ উপলক্ষে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়।
রাত ১০টার দিকে কক্ষে বিশ্রাম নিতে গেলে তিনি পুরো কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। এতে অসুবিধাবোধ করে তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে একটি কম্বলও চান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে তার এপিএস আরিফুর রহমান বিষয়টি কুমিল্লার এনডিসিকে জানান। এরপরও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা।
অপেক্ষার পরও কক্ষ পরিবর্তন কিংবা বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত রাত্রিযাপন না করেই সার্কিট হাউস ছেড়ে চলে যান তিনি।
এ ঘটনায় কুমিল্লা সার্কিট হাউসের রক্ষণাবেক্ষণ ও অতিথি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথির বরাদ্দকৃত কক্ষে এমন পরিস্থিতির পরও কেন তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষ বা আবাসনের ব্যবস্থা করা হলো না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
