বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা ও মা-বোনদের ইজ্জত হরণের মাধ্যমে গত ৫৪ বছর ধরে দেশে এক মহাধ্বংসযজ্ঞ চলছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী রাজপথে নেমেছে।
তিনি বলেন, “এই ধরনের রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক একটি স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে।”
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের যুবসমাজ দীর্ঘদিন ধরেই পরিবর্তনের আকাঙ্ক্ষা লালন করে আসছে। “জুলাই মাসে আমাদের তরুণরা সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা এই মুক্তি ও স্বাধীনতা পেয়েছি,” বলেন তিনি।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আপনারা যদি আমাদের ১১ দলীয় জোটকে নির্বাচিত করেন, তাহলে আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না—এই প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ।”
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
