Spread the love

কুমিল্লার লাকসামে মাইকিং করে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ইউছুফ ভাণ্ডারী (৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। তিনি লাকসাম পৌর বিএনপির সদস্য ছিলেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাতাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউছুফ ভাণ্ডারী লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেহপুর পূর্বপাড়া মসজিদবাড়ির মৃত আবুল বাশারের ছেলে।

লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট চাইতে বিভিন্ন এলাকায় মাইকিং করছিলেন ইউছুফ ভাণ্ডারী। বুধবার বিকেলে বাতাখালি এলাকায় প্রচারণাকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, এ সময় পাশে থাকা সিএনজি চালক ও স্থানীয় নেতাকর্মীরা দ্রুত তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম ইউছুফ ভাণ্ডারীর জানাজার নামাজ বুধবার রাত ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মদ তালাশ বাংলাকে বলেন, নির্বাচনী প্রচারণার সময় ইউছুফ ভাণ্ডারী নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *