কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরদা ইউপির রাজাপুর দরবার শরিফের গেটসংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসার জন্য সড়ক পার হচ্ছিল।
ওই সময় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তারা সড়কের ওপর ছিটকে পড়ে এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম হাইওয়ে ক্রসিংয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
