Spread the love

কুমিল্লার লাকসাম উপজেলায় অর্পিতা রাণী দেবনাথ (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীপুর গ্রামের বিশ্বজিৎ দেবনাথের মেয়ে অর্পিতার বিয়ের প্রস্তুতি চলছিল এবং আগামী রোববার (৩ মে) বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। এমন খবর পেয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

এ সময় তিনি কনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।’

এমপি আবুল কালাম অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, তার নির্বাচনী এলাকায় বাল্যবিবাহ সহ্য করা হবে না এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে ইউএনও নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, প্রশাসন ও জনপ্রতিনিধির তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে কিশোরীটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। এ উদ্যোগের জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়