ইনানীতে রিসোর্টে আগুন: নিহত ১০, প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাসরিন আক্তার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর বাবার নাম মোস্তফা কামাল।
স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে দেওয়ান ফয়সাল বলেন, “আমার স্ত্রী ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তাঁরা একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা সেখানে বেড়াতে গিয়েছিলেন। রোববার তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু তার আগেই স্ত্রী না ফেরার দেশে চলে গেল। লাশ সংগ্রহের জন্য কক্সবাজার যাচ্ছি।”
ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তাঁর তিন বান্ধবী অবস্থান করছিলেন। শনিবার সকালে তাঁর দুই বান্ধবী সৌভাগ্যক্রমে দুর্ঘটনার কিছুক্ষণ আগে কক্ষ থেকে বেরিয়ে যান। তবে নাসরিন তখন কক্ষের ভেতরে থাকায় আটকা পড়েন। পরে অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, অগ্নিকাণ্ডের পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কিছুটা সময় লাগতে পারে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
