রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে নিজের লেখা গ্রন্থ ‘বিভীষিকাময় আয়নাঘর’, তার বাবাকে নিয়ে রচিত সচিত্র গ্রন্থ ‘প্রেরণার পরশমণি’এবং তার বাবা গোলাম আযমের লেখা ৯ খণ্ডের আত্মজীবনী ‘জীবনে যা দেখলাম’ উপহার হিসেবে প্রদান করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বইগুলো অত্যন্ত আগ্রহের সঙ্গে গ্রহণ করেন এবং উল্টেপাল্টে দেখেন।
সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে আবদুল্লাহিল আমান আযমী লেখেন, তিনি আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানে তার লেখা ও তার বাবার লেখা বইগুলো উপহার দেন।
তিনি আরও লেখেন, মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত আগ্রহ সহকারে বইগুলো গ্রহণ করেছেন এবং সময় নিয়ে দেখেছেন। নিজের মূল্যবান সময় থেকে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
