অপরাধ তালাশ

অপ্রতিম হত্যার পর এবার বাবা-মাকে ফোনে হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে শায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর এবার তার বাবা-মাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন স্বজনরা।

এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম তার মোবাইল ফোন নম্বর বন্ধ রেখেছেন। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অপ্রতিম ও আমাদের জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে আমাদের দুজনের মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’

তিনি আরও বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তের পাশাপাশি এসব হয়রানি ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।পুলিশ জানিয়েছে, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।