মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অবদান উভয় দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছে।
তিনি জানান, বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালু করার পাশাপাশি আরও বেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধ করার উদ্যোগ এবং আটক বাংলাদেশিদের সম্ভব হলে দেশে ফেরত পাঠানোর বিষয়টিও তুলে ধরেন।
তারেক রহমান বলেন, উভয় পক্ষ একমত হয়েছেন যে নিয়োগ প্রক্রিয়া মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত, স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হতে হবে। এতে কর্মীদের অতিরিক্ত ব্যয় কমবে এবং শোষণের সুযোগও হ্রাস পাবে।
যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “আমাদের শ্রমিক প্রয়োজন। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা। শ্রমিকদের শোষণ, দুর্ব্যবহার কিংবা ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও নিপীড়নের অভিযোগের বিষয়ে বৈঠকে তারেক রহমান যে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন, তা প্রশংসার দাবিদার। এ ধরনের অনিয়ম বন্ধ করে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে, যাতে দুই দেশের প্রয়োজন পূরণের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থও সুরক্ষিত থাকে।
