কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন। সম্প্রতি কুমিল্লা শিক্ষা বোর্ড তাঁর নিয়োগ অনুমোদন করায় বিষয়টি আনুষ্ঠানিকতা লাভ করেছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) থেকে স্নাতকোত্তর (এমআইটি) ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও মাইক্রোসফটের স্বীকৃতিপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনের ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা, প্রযুক্তি ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “আমার প্রধান লক্ষ্য হবে বিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
নতুন সভাপতির নেতৃত্বে শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেছেন সংশ্লিষ্টরা।
