Spread the love

নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকার মদিনাতুল উলুম মাদরাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার আবু জাফর। তাদের সবার বয়স আনুমানিক ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে মাদরাসার অজুখানায় অজু করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় বজ্রপাতে চার শিক্ষার্থী আহত হয়। তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনের চিকিৎসা চলছে।”ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়