Spread the love

দেশে বর্তমানে মাছের চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় মাছের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

রবিবার (২১ জুন) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদা ধরে বার্ষিক মোট চাহিদা দাঁড়ায় ৩৮ লাখ ৯ হাজার মেট্রিক টন। একই সময়ে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৫১ লাখ ১১ হাজার মেট্রিক টন। ফলে দেশে মাছের কোনো ঘাটতি নেই।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোট মৎস্য উৎপাদনের তুলনায় আমদানিকৃত মাছের পরিমাণ ছিল মাত্র প্রায় ১ শতাংশ। এ সময়ে বিভিন্ন প্রজাতির ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৪৭৫ কোটি টাকা।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সাধারণ ভোক্তাদের জন্য মাছ আমদানির প্রয়োজন হয় না। তবে বিশেষ ভোক্তা গোষ্ঠীর চাহিদা ও রুচি বিবেচনায় সীমিত পরিসরে কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ আমদানি করা হয়।

আমদানিকৃত মাছের মধ্যে টুনা, হেরিং, রূপচাঁদা, ম্যাকেরেল, ছুরি, স্ন্যাপার, কিং ফিশ, স্কুইড ও অক্টোপাসসহ বিভিন্ন সামুদ্রিক প্রজাতির মাছ রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের মৎস্য খাতকে আরও টেকসই ও উৎপাদনমুখী করতে সরকার অবকাঠামো উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রেখেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়