Spread the love

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের পর হাইওয়ে পুলিশের ওপর হামলা ও টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা হাইওয়ে পুলিশের সদস্যদের ওপর হামলা চালায় এবং টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করে। এতে পুলিশের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এসপি মো. আনিসুজ্জামান জানান, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ১৯ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার বিকেল ৩টায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়