জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে আবারও একই ভুল করছে।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “আওয়ামী লীগই আপনার বাবার খুনি, আপনার মায়ের খুনি এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী হত্যার জন্য দায়ী।” এছাড়া তিনি সাগর-রুনি হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে যদি গণভোটকে অস্বীকার করা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না। জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় গিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা উচিত নয়।”
এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, চাঁদপুর জেলা কমিটির নেতা মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাশার এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান।
অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।
