Spread the love

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়।

তিনি দাবি করেন, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে হামলা করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, হামলার সময় মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। একই সঙ্গে থানার সামনে আবার হামলার প্রস্তুতি চলছে বলেও অভিযোগ করেন।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়