জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশকে দলীয় হাতিয়ার না হয়ে জনগণের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘুষ-তদবিরমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৮ মে) বিকেল ৪টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “কোনো অন্যায় নির্দেশ বাস্তবায়ন না করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়াতে হবে। দেশের রাজনীতি এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে আগামী প্রজন্ম নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারে।”
তিনি বলেন, “আজকের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে হবে। তারা যখন চাকরিতে যাবে, তখন যেন ঘুষ দিতে না হয়, কারও পেছনে দৌড়াতে না হয়।”
বর্তমান ব্যবস্থায় তরুণদের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মেধা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। দেশে পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না হলে বিদেশেও কর্মসংস্থানের পথ তৈরি করার উদ্যোগ নিতে হবে।
বিদেশমুখী প্রবণতা কমিয়ে দেশে সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে তরুণদের স্বপ্ন হবে দেশেই কিছু করা, বিদেশে পাড়ি জমানো নয়।”
শিক্ষার্থীদের ভূমিকার প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, “স্কুল-কলেজের শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ করবে। তাদের জন্য রাজনীতি না হলে সেই রাজনীতি অর্থহীন।”
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “শুধু মাদকসেবী নয়, মাদক ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় যারা মাদক ব্যবসা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
নারীদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু ভোটের আগে নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়।”
এসময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, “চাঁদাবাজি বা টেন্ডারের রাজনীতি নয়, পরিবর্তনের রাজনীতি গড়তে হবে।”পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। একাই দিন সন্ধ্যায় তিনি বুড়িচং উপজেলা বাইপাস সড়কে পদসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
