Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন,“আমরা কোনো বুর্জোয়া শ্রেণির অংশ নই। আমরা আমাদের মেরুদণ্ড বিক্রি করিনি। ব্রিকফিল্ড থেকে টাকা নিইনি, মাদক সিন্ডিকেটের সঙ্গে কোনো আপস করিনি। এ কারণেই আমরা অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে দাঁড়াতে পারি।”

সোমবার (১৮ মে) সন্ধ্যায় বুড়িচং উপজেলা বাইপাস সড়কে “জনতার আশা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে” শীর্ষক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেছেন, বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় শক্তি তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা। তবে সেই শক্তিকে বাস্তব রূপ দিতে হলে সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।তিনি বলেন, তরুণদের দাবি ও নীতিকে নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিফলিত করতে শক্ত সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও কর্মসংস্থানভিত্তিক বাংলাদেশ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে তারুণ্যের কর্মসংস্থান থাকবে, দুর্নীতি থাকবে না, কোনো অঞ্চল, পরিবার বা গোষ্ঠীর কারণে মানুষ বৈষম্যের শিকার হবে না।”

তিনি দাবি করেন, তারা নতুন ধারার রাজনীতিতে বিশ্বাসী এবং কোনো ধরনের আপস বা দায়-দেনার রাজনীতি করেন না। “আমরা শতভাগ সফল না হলেও পরিবর্তনের পথে আছি। সত্য বলছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি।

সর্বশেষে তিনি বলেন তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তরুণরা ঐক্যবদ্ধ থাকলে দুর্নীতি ও সিন্ডিকেট ভেঙে মাদক নির্মূলে জিরো টলারেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”এসময় তিনি এনসিপিসহ দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলা সদস্য শরিফ হাসান, কেন্দ্রীয় সদস্য হাসান জামিল সৌরভ, যুবশক্তির সদস্য সচিব হাসান কিবরিয়া, বুড়িচং উপজেলা যুগ্ম সমন্বয়কারী সোহেল রানা, কাজী রবিউল ইসলাম, রবেল হোসেন, রুনাসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে একই দিনে ব্রাহ্মণপাড়া উপজেলায় আয়োজিত পদযাত্রায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি হাসনাত আব্দুল্লাহ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়