Spread the love

কুমিল্লায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ মে) রাতে কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৩ মে) সকালে পৌনে ১১টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তার রিপন কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মাহে আলমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে আমজাদ হোসাইন রিপনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন দ্বিতীয় মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছিল।

অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, র‌্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স-নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আমজাদ হোসাইন রিপনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়