Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন প্রতিবাদ লিখিত বক্তব্যে বলেছেন,সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত “সরকারি খাল দখল করে ভবন নির্মাণ যুবলীগ নেতার” শীর্ষক সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর। এর মাধ্যমে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদনে সরকারি খাস জমি ও খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ এনে আমার নাম জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। প্রকৃতপক্ষে উক্ত জমির বৈধ মালিক মফিজুল ইসলাম এবং জমিটি বিএস জরিপসহ সকল সরকারি রেকর্ড ও খাজনা-খারিজে তার নামে হালনাগাদ রয়েছে। ফলে সরকারি খাল বা খাস জমি দখলের প্রশ্নই আসে না।

একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে এলাকায় আমার দীর্ঘদিনের সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাংবাদিকতার আশ্রয় নিয়েছে। প্রকাশিত প্রতিবেদনটি সেই ষড়যন্ত্রেরই অংশ বলে আমি মনে করি।

এছাড়া প্রতিবেদনে তথাকথিত ‘টর্চার সেল’ ও রাজনৈতিক কর্মীদের নির্যাতনের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ নেই। একইভাবে বাজারের পাবলিক টয়লেট ভেঙে ভবন নির্মাণের দাবিটিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আমার অবদান সর্বজনবিদিত। অথচ পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালানো হচ্ছে।

আমি দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি। যথাযথ তদন্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত গ্রহণ ছাড়া এ ধরনের একপেশে সংবাদ প্রকাশ দুঃখজনক ও অনভিপ্রেত। একটি জাতীয় দৈনিকের কাছ থেকে এমন ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ পরিবেশন কাম্য নয়।

আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

মোহাম্মদ বিল্লাল হোসেন
সাবেক চেয়ারম্যান
ষোলনল ইউনিয়ন পরিষদ, বুড়িচং, কুমিল্লা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়