নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি ও বিব্রত করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) এবং তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে রাসেল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গ্রিন ভ্যালি পার্কের একটি স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।
অনুষ্ঠান চলাকালে বিকেল ৩টার দিকে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে বেড়াতে আসেন। এ সময় মেলায় উপস্থিত কয়েকজন যুবক তাদের উদ্দেশে অশোভন ও আপত্তিকর মন্তব্য করেন। এতে বিদেশি দুই নাগরিক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
পরে এ ঘটনার একটি ভিডিও টিকটকার আমিনুল ইসলাম তার ফেসবুক পেজে প্রকাশ করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন কনটেন্ট ক্রিয়েটর বিদেশি নাগরিকদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করছেন। মন্তব্যে বলা হয়, “তুমি পর্ন স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না।” এ ধরনের মন্তব্যে বিদেশিরা স্পষ্টতই অস্বস্তিতে পড়েন।
এ ঘটনায় গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ লালপুর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই টিকটকারকে গ্রেপ্তার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বিদেশি নাগরিকদের হয়রানির ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তি ও পর্যটন খাতের জন্য নেতিবাচক বার্তা বহন করে। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
