পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সারাদেশের প্রায় ৮০ হাজার আইনজীবীকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে একটি দেশের সঙ্গে আলোচনা চলছে।
রবিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ব্যারিস্টার ও কর্পোরেট আইনজীবীদের আয়োজিত ‘ট্রান্সফরমেশন অব লিগ্যাল প্র্যাকটিস থ্রু ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড এআই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ব্যারিস্টার পদধারী তরুণ আইনজীবীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
আইনমন্ত্রী বলেন, বিদেশ থেকে ইংরেজি মাধ্যমে আইন বিষয়ে ডিগ্রি নিয়ে দেশে ফেরা শিক্ষার্থীদের জন্য বার কাউন্সিলের বর্তমান এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতি জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ পরীক্ষার প্রশ্ন বাংলা ভাষায় প্রণয়ন করা হয়। এ পদ্ধতির সংস্কার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নতুন ব্যারিস্টারদের অনেকেই মেধাবী হলেও এনরোলমেন্ট পরীক্ষার জটিলতার কারণে তারা আইন পেশায় না এসে বিভিন্ন কোম্পানিতে চাকরি নিচ্ছেন। তাই নতুন আইনজীবীদের সুপ্রিম কোর্টে দক্ষতা প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে।
বিচার বিভাগের বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, আদালতে কোর্ট ফি ও স্ট্যাম্প বিক্রি থেকে বছরে ১৫ হাজার কোটি টাকার বেশি আয় হয়। অথচ পুরো বিচার বিভাগের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ মাত্র ২ হাজার ২০০ কোটি টাকা। এ বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।
