Spread the love

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে বিজেপি শিবিরে। প্রাথমিক ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজ্যে বিজেপির জয় কার্যত নিশ্চিতের পথে। এই ঐতিহাসিক সাফল্য উদ্‌যাপন করতে নয়া দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!”—যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এদিন মোদীর পোশাকে ছিল স্পষ্ট বাঙালিয়ানা—সাদা পাঞ্জাবির সঙ্গে ধাক্কাপাড়ের কোরা ধুতি এবং গলায় গেরুয়া উত্তরীয়। বিভিন্ন রাজ্যে সফরের সময় স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে পোশাক পরিধান করা তাঁর দীর্ঘদিনের অভ্যাস। এর আগেও কলকাতার নির্বাচনী প্রচারে তাঁর পোশাক নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হলেও তিনি বরাবরই নিজের স্টাইল ও বার্তার প্রতি অবিচল থেকেছেন।

বিজেপির এই জয়ে উচ্ছ্বসিত মোদী ফলাফলকে ‘সুশাসনের রাজনীতির জয়’ হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, এর আগেই তিনি দাবি করেছিলেন যে ২০২৬ সালের এই নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসনে জয় পাবে—বর্তমান ফলাফলে সেই পূর্বাভাস বাস্তবায়নের দিকেই এগোচ্ছে দলটি।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ২০৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে ইতোমধ্যে ১৪৫টি আসনে জয় নিশ্চিত করেছে দলটি এবং আরও ৬৩টি আসনে এগিয়ে রয়েছে তাদের প্রার্থীরা।

অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত ৭৯টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে তারা ৫১টি আসনে জয়ী হয়েছে এবং ২৮টি আসনে লড়াইয়ে এগিয়ে আছে।

পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়