কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়ন জোরদার করতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’। সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় বুড়িচং উপজেলা পরিষদের হলরুমে।
বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি’র সহযোগিতায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান এবং বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াছমিন ও কৃষক প্রতিনিধি মজিবুর রহমান।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের সহনশীলতা বাড়াতে পার্টনার কর্মসূচির কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফুট পাম্প, এলএলপি, হ্যান্ড স্প্রেয়ার এবং রিপার ‘বি-স্ট্রং’ প্রকল্পের অধীনে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়। এছাড়া কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারে হ্যান্ড স্প্রেয়ারও বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
