Spread the love

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) উপজেলার লস্করদী সরকারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ের সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীরা আসার পর খাবার পরিবেশনে দেরি হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ অতিরিক্ত লোকজন নিয়ে আসায় খাবারের সংকট দেখা দেয়। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ চেয়ার, বাঁশ ও কাচের প্লেট ব্যবহার করে একে অপরকে আঘাত করে। এতে অন্তত ১৫ জন আহত হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামের একজন লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়