পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ লাভ করেছেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক ও সাংবাদিক মোহাম্মাদ মাসুদ। সাংবাদিকতা জীবনের এ অর্জনকে তিনি গৌরবময় মাইলফলক ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মোহাম্মাদ মাসুদ মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, দীর্ঘদিনের সাংবাদিকতা চর্চা, পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্যপদ পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের।
তিনি সাংবাদিক সমাজের শ্রদ্ধেয় অভিভাবক কাদের গনী চৌধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর আন্তরিক সহযোগিতা, মূল্যবান দিকনির্দেশনা ও নিরন্তর অনুপ্রেরণা সাংবাদিকতা জীবনের পথচলাকে আরও সমৃদ্ধ ও সার্থক করেছে।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ভবিষ্যতেও সততা, ন্যায়নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মাদ মাসুদ। একইসঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
