রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে সিহাব হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করে। আটক সিহাবের বাড়ি খুলনায় বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার পর প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
