Spread the love

দেশের দিকে একটি প্রায় পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে। অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত এবং কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।

পোস্টে বলা হয়, সিলেট বিভাগে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কিছু এলাকায় বেশ সক্রিয় প্রভাব পড়বে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি বলয়ের প্রভাব থাকবে। তবে ২৫ এপ্রিলও উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি সক্রিয় সময় ধরা হচ্ছে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে।

এই সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এছাড়া ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেতে পারে এবং হাওরাঞ্চলে পরিস্থিতি অবনতি হতে পারে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়