Spread the love

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি বিশেষভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নৃশংস ও হৃদয়বিদারক এ হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেফতার সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে।

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরাও এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। পাশাপাশি অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়