রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী সৌহার্দ পরিবহণের একটি বাস কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রায় ৫০-৫২ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছে। ঘাটে এসে ১০-১২ জন যাত্রী বাস থেকে নেমে যান। এরপর বাকি যাত্রীদের নিয়ে বাসটি ঢালু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সরাসরি পদ্মা নদীর গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।
সৌহার্দ পরিবহণের দৌলতদিয়া ঘাট প্রতিনিধি মনির হোসেন জানান, বাসটির অধিকাংশ যাত্রী পরিবার-পরিজনসহ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।
ঘটনার পরপরই গোয়ালন্দ ফায়ার সার্ভিস, ঘাট থানা পুলিশ, দৌলতদিয়া নৌ পুলিশ এবং স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রলারসহ বিভিন্ন নৌযান নিয়ে নদীতে তল্লাশি চালানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ ও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
