Spread the love

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে পানিতে পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামণি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে মোতালেব (৬), একই এলাকার খাদিজা (১২) এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ব্রহ্মপুত্র নদের তীরে ঘুরতে বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ ভিড় জমায়। এ সময় অনেকেই ভাসমান ড্রাম ব্রিজে ওঠে। হঠাৎ অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে শিশুসহ বেশ কয়েকজন পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেন, “এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।”

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত নিরাপদ সেতু নির্মাণ ও যথাযথ তদারকির দাবি জানিয়েছেন।


By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *