Spread the love

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগন জানায়, চলতি সপ্তাহের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটির ছয়জন ক্রু সদস্যই নিহত হন।

নিহতরা হলেন— জন ক্লিনার (৩৩), আলাবামার অবার্নের বাসিন্দা; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানার মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাসের বাসিন্দা।

তাদের মধ্যে জন ক্লিনার, আরিয়ানা সাভিনো ও অ্যাশলি প্রুইট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। অন্যদিকে সেথ কোভাল, কার্টিস অ্যাংস্ট ও টাইলার সিমন্স যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন।

পেন্টাগন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রাথমিকভাবে জানিয়েছে, বিমানটি শত্রুপক্ষের গুলিবর্ষণ বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে বিধ্বস্ত হয়নি।

সূত্র: সিএনএন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়