কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুর রহমান সৈকত (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
একই দিন পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে গেলে ব্যাগটি তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে মাটিয়ারা পূর্ব এলাকার একটি সেতুর ওপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি ফেলে কৌশলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
