Spread the love

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ করতে গিয়ে মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে নগরের আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন— রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি খননের সময় হঠাৎ চার শ্রমিক মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং তাদের হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম বলেন, হাসপাতালে চারজনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘গভীর রাতে ট্রায়াল পিট খননের সময় এই দুর্ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।’

ক্ষতিপূরণের বিষয়ে তিনি জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়