কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলি জমি থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ইউএনও মো. নুরুল আমিন জানান, শনিবার রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই রাতে পৃথক আরেকটি অভিযানে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, ফসলি জমির উর্বরতা রক্ষা এবং টপ সয়েল সংরক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
