Spread the love

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হত্যা করেছে বলে অভিযোগ তুলে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একই সঙ্গে এ ঘটনাকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং বিশ্বের সব মুসলিম, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা।

তিনি বলেন, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতাকে হত্যার এই ঘটনা মুসলিম বিশ্বের বিরুদ্ধে একটি ঐতিহাসিক অপরাধ।”

প্রেসিডেন্ট আরও বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইসলামিক রিপাবলিকের অধিকার ও বাধ্যবাধকতা। তিনি জোর দিয়ে বলেন, এই ঘটনার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে ইরান তার বৈধ কর্তব্য হিসেবে বিবেচনা করছে।

পেজেশকিয়ান বলেন, “ইসলামিক রিপাবলিক অব ইরান এই ঐতিহাসিক অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে এবং যথাযথ সময়ে তার জবাব দেওয়া হবে।”

এদিকে, খামেনির মৃত্যুর দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *