Spread the love

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুই অভিযানে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির একটি দল কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ১টার দিকে একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই এলাকায় ভোররাত প্রায় ৪টার দিকে আরও একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রাকের বালুর নিচেও লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়।

বিজিবি জানায়, জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়াতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়