সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় অবস্থিত মসজিদে নববির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি গেজেটে প্রকাশিত এক রাজকীয় আদেশের মাধ্যমে তার এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
১৯৬৩ সালে মদিনার এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন শায়খ মাগামসি। শৈশব থেকেই তিনি জ্ঞানচর্চায় মনোনিবেশ করেন এবং অল্প বয়সেই ইসলামি শাস্ত্রের বিভিন্ন শাখায় গভীর ব্যুৎপত্তি অর্জন করেন। কোরআন-হাদিস ও তাফসিরে তার বিশেষ দখল তাকে সমকালীন ইসলামি চিন্তাবিদদের কাতারে স্থান করে দিয়েছে।
কর্মজীবনে তিনি দীর্ঘদিন মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোরআনের তাফসির উপস্থাপনায় তার শান্ত, সুস্পষ্ট ও প্রাঞ্জল বর্ণনাশৈলী বিশ্বজুড়ে মুসলিমদের কাছে সমাদৃত। সমকালীন বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ বিষয়ের সঙ্গে ধর্মীয় আলোচনার সমন্বয় ঘটানোর দক্ষতার কারণে মুসলিম সমাজে তার গ্রহণযোগ্যতা ব্যাপক।
মসজিদে নববির মতো ইসলামের অন্যতম পবিত্র স্থানে তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়াকে সৌদি আরবের ধর্মীয় অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
নিয়োগের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মদিনাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।
