দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। আজ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবিহ নামাজ আদায় করবেন এবং ভোররাতে সেহরি গ্রহণের মাধ্যমে শুরু হবে রোজা পালন। ইতোমধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বুধবার থেকেই রমজান শুরু হয়েছে।
মাওলানা জালালুদ্দীন আহমেদ বলেন, রমজান মাস তাকওয়া, সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। গরিব ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, রমজান মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করুন। রোজাদার মানুষের কষ্ট লাঘবে সহযোগিতার মনোভাব প্রদর্শনই ইসলামের শিক্ষা।
বিবৃতিতে আরও বলা হয়, রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা, অনাচার-অবিচার ও অত্যাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সচেষ্ট থাকুন, ইবাদত-বন্দেগিতে অধিক মনোযোগী হোন এবং আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করুন।
