Spread the love

চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খানের স্ত্রী বৃদ্ধা আমেনা বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের একটি নতুন জায়গায় ফেলা বালুতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। বিদ্যুতের মূল লাইন থেকে পাম্পে সংযোগ দেওয়ার সময় প্রথমে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে পাশে থাকা মা আমেনা বেগম রিনা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে পাম্প মেশিনটি পুড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, “লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *