Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন, “আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার বাড়িতে নয়, আমি প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে আপনাদের সঙ্গে কুশল বিনিময় করব। দলবল নির্বিশেষে সকলের সঙ্গে আলোচনা করে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন করতে চাই।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম ইতালি প্রবাসী জসিম উদ্দিন জসিমের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকা যাওয়ার পথে বাকশীমূল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে। খুব শিগগিরই সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন,আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন,বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের কোনো নেতাকর্মী, সমর্থক কিংবা তাদের বাড়িঘরের ওপর কোনো ধরনের আক্রমণ, হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না। সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে। কেউ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না।তিনি শান্তি, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন, তানজিবুর রহমান শুভ,হেলাল উদ্দিন বুলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন এ আসনের ১৪২টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ, ৩২ হাজার ৬৭০ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট পেয়েছেন। আসনটিতে বিএনপি এবং জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *