Spread the love

মাদারীপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় হাবিব শেখ (৪৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আল আমিন মোল্লা (৩০) নামে আরও একজন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব শেখ সদর উপজেলার ঘটমাঝি এলাকার খালেক শেখের ছেলে। আহত আল আমিন মোল্লা একই উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি এলাকার সালাম মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের গ্রামের বাড়ি ডাসারের খান্দুলী এলাকায় শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন হাবিব শেখ ও আল আমিন মোল্লা। পথিমধ্যে সদর উপজেলার কর্ণপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিন মোল্লাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চালক ও ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *