শেরপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াত মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।
তিনি জানান, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে উপস্থিত হয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বিএনপি সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে গুরুতর আহত রেজাউল করিমের মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
