সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী ‘দ্য উইক’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ এবং জামায়াত একে অপরের ‘অল্টার ইগো’ বা পরিপূরক সত্তা। তাঁর ভাষায়, আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে।
২৭ বছর বয়সী এই ছাত্রনেতা সাক্ষাৎকারে তাঁর পদত্যাগ, রাজনীতিতে ভবিষ্যৎ ভূমিকা এবং নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। মাহফুজ আলম বলেন, “এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে লড়ছি না। কারণ আমি মনে করি, এটি সঠিক সময় নয়।”
তিনি জানান, এনসিপি-জামায়াত জোটের কারণেই তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেননি। “এটি একটি পরিষ্কার অবস্থান। আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরনের আদর্শিক দ্বিমেরু রাজনীতির বিরোধিতা করি,”—বলেন মাহফুজ আলম।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “জামায়াত হলো আওয়ামী লীগের অল্টার ইগো। ফলে আওয়ামী লীগ থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে।” তবে তিনি যোগ করেন, দলগুলো নিজেদের পরিবর্তন করতে পারলে এবং নতুনভাবে জনগণের সামনে আসতে পারলে বিষয়টি ভিন্ন হতে পারে।
এনসিপিতে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, এনসিপি-জামায়াত জোট গঠনের বিষয়টি যথাযথ আলোচনা ও বোঝাপড়া ছাড়াই হয়েছে। “এক সন্ধ্যায় এনসিপির অনেক নেতাই জানতেন না যে এমন একটি জোট হতে যাচ্ছে,”—বলেন তিনি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর মাহফুজ আলম নির্বাচনে অংশ নেবেন এবং এনসিপিতে যোগ দেবেন—এমন ধারণা রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল। তবে ‘দ্য উইক’-কে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি সে ধারণার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
