কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনের সময় গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মোঃ সাইদুল ইসলাম। তিনি বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,রোববার রাত আনুমানিক ৯টার দিকে বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনের অবস্থায় সাইদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে সামান্য পরিমাণ গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে এবং এ বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
