লাইফস্টাইল

মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক তারিকুল আলম

ইংরেজি শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক মো. তারিকুল আলম।

মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৯ আগস্ট শনিবার বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেটের থ্রি স্টার হোটেলে ‘মাদার তেরেসার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৭১ মিডিয়া ভিশন, সার্ক কালচারাল ফোরাম ও সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০টি ক্যাটাগরিতে মোট ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস. এম. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান মিসেস ইয়াশা সোবহান, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আহসান উল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু, নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান এবং দেশবরেণ্য নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।

বীর মুক্তিযোদ্ধা ড. এ. টি. এম. মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সার্ক কালচারাল ফোরামের সাংগঠনিক সম্পাদক এ. বি. লিটন।

শিক্ষা, চিকিৎসা, মানব উন্নয়ন, সামাজিক উন্নয়ন, গবেষণা, উদ্যোক্তা, ব্যবসা, নারী উন্নয়ন, শিল্প ও সংস্কৃতি এবং নাট্যকলাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়।

অধ্যাপক মো. তারিকুল আলম শিক্ষকতা, গবেষণা, সমাজ উন্নয়ন ও আন্তর্জাতিক গবেষণাপত্রের রিভিউয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, গবেষণা, নেতৃত্ব ও সমাজ উন্নয়নে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি ইতোমধ্যে ভারত, মালদ্বীপ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও দুবাই থেকে ছয়টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বলে জানা গেছে।

তার প্রাপ্ত উল্লেখযোগ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননার মধ্যে রয়েছে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫, সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫, স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫, বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৫, এশিয়া স্বপ্নপুরী অ্যাওয়ার্ড-২০২৫, নেলসন মেন্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬ এবং প্রিন্স ডায়ানা পিস অ্যাওয়ার্ড-২০২৬। এ পর্যন্ত তিনি মোট ১৪টি বিভিন্ন ধরনের সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

অধ্যাপক তারিকুল আলমের আন্তর্জাতিক গবেষণাতেও রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি ভারত, ইংল্যান্ড ও মালদোভা থেকে ১৬টি গবেষণাধর্মী বই প্রকাশের পাশাপাশি ১৬টি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক রিভিউয়ার হিসেবে এ পর্যন্ত তিনি ২০টি গবেষণামূলক প্রবন্ধ পর্যালোচনা করেছেন।

এ ছাড়া তিনি ২০০টির বেশি আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স ও ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

সম্প্রতি লন্ডনের ইউনিভার্সেল ওয়ার্ল্ড রিসার্চ ইনোভেশন সেন্টার, লন্ডন (ইউকে) থেকে তিনি ‘ওয়ার্ল্ড রিসার্চ ফেলো অব লন্ডন (ইউকে)’ আজীবন ফেলোশিপ লাভ করেন।

পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি বেলটা, ইটাব, আইইটিইএফএল, রোটারি ইন্টারন্যাশনাল ও রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫-এর ডেপুটি কো-অর্ডিনেটর (ট্রেনিং) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রোভার স্কাউট লিডার হিসেবেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

বর্তমানে তিনি ভারতের স্বনামধন্য চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। একই সঙ্গে তিনি কুমিল্লার প্রথম বেসরকারি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

ইংরেজি ভাষা শিক্ষা ও চর্চাকে আরও সহজলভ্য করতে তিনি কুমিল্লার নজরুল এভিনিউ এলাকায় গোমতী হাসপাতালের পুরাতন ভবনে একটি ইংরেজি ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি ইংরেজি ভাষা চর্চা ও গবেষণার জন্য ‘এজুফিয়েস্তা’ নামে একটি গবেষণা ও ভাষা চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। সেখানে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষা গ্রহণ ও গবেষণার সুযোগ পাচ্ছেন।