অপরাধ তালাশ

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর পুবাইলে নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। সোমবার (৩১ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত প্রাপ্তি মল্লিক পূজা পুবাইলের ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে পূজার বিয়ে হয়। গত ২৫ আগস্ট তিনি ভাইয়ের সঙ্গে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

সোমবার সকালে পূজা বিশ্ববিদ্যালয়ে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে গোসলের পর নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে সন্দেহ হলে তার ভাই পাশের কক্ষের সিলিংয়ের মাধ্যমে ওই কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে সাংসারিক হতাশার কথা জানানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।