কুমিল্লার সংবাদ

সাত মাসের শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

কুমিল্লার নাঙ্গলকোটে নাজমুল হাসান ফারাবী নামের সাত মাস বয়সী এক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগমকে (২০) আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

আটক ফাতেমা বেগম জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং পাশের ভবানীপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।

নিহত শিশুর খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, শনিবার সকালে ফাতেমা তার সাত মাস বয়সী ছেলে ফারাবীকে নিয়ে নিচন্তপুর গ্রামে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে শিশুটি কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। একপর্যায়ে ফাতেমা তাকে জানান, তিনি শিশুটিকে বালিশচাপা দিয়েছেন।

ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির শরীরের ওপর একটি বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

অভিযুক্ত ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি আরও দাবি করেন, তার মেয়ের ওপর জিন-ভূতের প্রভাব রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ঘটনার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিশুর মাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগম জানিয়েছেন, শিশুটি বেশি কান্নাকাটি করায় রাগের মাথায় তিনি তাকে বালিশচাপা দেন। এতে শিশুটির মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে আরও গভীর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।