Spread the love

বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী দুদিনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ৩টা পর্যন্ত কুমিল্লায় ৩৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তা মো. সৈয়দ আরিফুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরে হঠাৎ লঘুচাপ সৃষ্টি হওয়ায় টানা তিনদিন ভারি বৃষ্টিপাত হতে পারে।’ এদিকে আন্তর্জাতিক আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশও সতর্ক করেছেন যে, গত বছরের মতো এবারও কুমিল্লা সহ দেশের অধিকাংশ এলাকায় বন্যার শঙ্কা রয়েছে। তার তথ্য অনুযায়ী, ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত দেশের বৃহত্তর অংশে টানা ভারি বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লার করিমগঞ্জ, বুড়িচং, চান্দিনা ও লালমাইয়ের নিম্নাঞ্চলগুলোতে নদী ও খাল-বিল ভরাট হওয়ার কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানিয়েছেন, গোমতীর নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি। আবহাওয়ার এই অবস্থা লঘুচাপের গতিবেগ ও অবস্থানকালে নির্ভর করবে, যা কুমিল্লায় বন্যার প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করবে।