কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী হরিমঙ্গল গ্রামের লোহারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির উদ্দিন উপজেলার দুলালপুর গ্রামের বক্তার ভূঁইয়া বাড়ির মৃত শফিকুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ তাকে সহযোগিতা করেন। পরে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার নাছির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
